আদালতের কার্যক্রম ডিজিটাল করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আদালতের সমস্ত কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিচারপ্রার্থীদের মামলার রায়ের পর রায়ের কপি (অনুলিপি) পেতে যেন ঘুরতে না হয় সেজন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের সব নথি ও রায়ের কপি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্ট দিবস ২০২০ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট চালু হয়েছে এবং অনলাইন বেল কনফার্মেশন ব্যবস্থা কার্যকরভাবে চলছে। আমি একইভাবে আদালতের সমস্ত কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্ট যেহেতু ‘কোর্ট অব রেকর্ড’ সেহেতু এর সব নথি এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
বিচার কাজে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, তথ্যপ্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়েও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকার্য পরিচালনার জন্য ৯ মে, ২০২০ তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়, যা পরবর্তীসময়ে আইনে পরিণত হয়। ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে আদালত প্রাঙ্গণে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এজন্য আমি এ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।